ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Daily Bangladesh Diganta

শিশুদের আত্মগঠনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের আহ্বান

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:১৭ পিএম

শিশুদের আত্মগঠনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের আহ্বান

দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে শিশু-কিশোরদের আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, পড়াশোনা ও খেলাধুলা—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নিজেদের যোগ্য ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নের ধারাকে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি শিশুদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখারও আহ্বান জানান। রাস্তা, নদী, খাল, পুকুর কিংবা আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। একই সঙ্গে প্রাণী ও প্রকৃতির প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন প্রজন্মের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে এবং শিশুদের পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন কিংবা অন্য যেকোনো প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের অর্জন ও ইতিবাচক উদ্যোগগুলোকে আরও বেশি গুরুত্ব দিয়ে সংবাদে তুলে ধরা প্রয়োজন। তাঁর মতে, আগামী দিনের বাংলাদেশ গঠনে শিশু-কিশোরদের সাফল্যই সবচেয়ে বড় আশার জায়গা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!